নিজস্ব প্রতিবেদক :
মহান দ্বাদশ জাতীয় সংসদের বিভিন্ন অধিবেশনে দেশের দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
তার বক্তব্যে বিশেষভাবে উঠে এসেছে উপকূলীয় জনপদের অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সম্প্রসারণ এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের বিষয়গুলো।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি কলাপাড়া উপজেলাকে জেলায় উন্নীত করা, মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর এবং রাঙ্গাবালী উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করার দাবি জানান। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি উল্লেখ করেন।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গলাচিপা-রাঙ্গাবালী ও রাঙ্গাবালী-কলাপাড়া নৌরুটে ফেরি চালুর কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে ফেরি চলাচলের জন্য “সীট্রাক” নির্মাণ কার্যক্রমও এগিয়ে যাচ্ছে, যা দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করবে।
বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে মহিববুর রহমান বলেন, রাঙ্গাবালী উপজেলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে সোনালী ব্যাংকের শাখা ও আদালত স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
এছাড়া রাঙ্গাবালীর খালগোড়া বাজার থেকে বড়বাইশদিয়া ইউনিয়নের মধ্যে দ্বারছিঁড়া নদীর ওপর একটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ড্রোন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
এই সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
স্বাস্থ্যখাতের উন্নয়নে রাঙ্গাবালী উপজেলা হাসপাতালে নতুন ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। অন্যদিকে পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙনরোধে কার্যক্রম এবং সেখানে একটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও সরকারের উন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত বলে সংসদে উল্লেখ করা হয়।
এছাড়া ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণ এবং আধুনিক বুলেট ট্রেন চালুর পরিকল্পনার বিষয়ও তিনি তুলে ধরেন, যা বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে বিপ্লব ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংসদে একাধিকবার এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়ে মহিববুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের দক্ষিণাঞ্চলকে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তার এ সকল প্রস্তাব ও উদ্যোগ দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত জনপদে উন্নয়নের নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয়রা।